ঈদযাত্রায় ফিটনেসবিহীন লঞ্চ চলবে না, অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধেও কঠোর অবস্থান

প্রচ্ছদ » জেলা » ঈদযাত্রায় ফিটনেসবিহীন লঞ্চ চলবে না, অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধেও কঠোর অবস্থান
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

এবারের ঈদযাত্রায় নদীপথে নিরাপত্তা ও সেবার বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ২১ মে থেকে ধাপে ধাপে কার্যক্রম শুরু হয়ে ২৪ মে থেকে যাত্রীদের চাপ বাড়বে। এ সময় নদীতে টহল, কন্ট্রোল রুম, ঘাট পুলিশ ও ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে। যাত্রীচাপ কমাতে বছিলা ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকেও লঞ্চ চলাচল করবে এবং পন্টুনের নির্দিষ্ট অংশে নৌকা প্রবেশ নিষিদ্ধ থাকবে। প্রায় ১০ থেকে ১২ লাখ যাত্রী এবং ১৭৫টি লঞ্চকে কেন্দ্র করে পুরো ব্যবস্থাপনা সাজানো হয়েছে।

যাত্রীসেবায় হুইলচেয়ার, ট্রলি, প্রাথমিক চিকিৎসা ও বয়স্কদের জন্য ক্যাডেট সেবা থাকবে। কুলিদের হয়রানি কমাতে ২০০ জন স্বেচ্ছাসেবী কুলি নিয়োগ দেওয়া হয়েছে, যাদের জন্য কোনো অর্থ দিতে হবে না। লঞ্চের ফিটনেস যাচাই, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ এবং হটলাইন সেবা চালু থাকবে। সব মিলিয়ে ঈদযাত্রাকে নিরাপদ ও শৃঙ্খল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে একান্ত সাক্ষাৎকারে কথা বলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দর সদরঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেনে।

প্রশ্ন: এবার ঈদযাত্রাকে সামনে রেখে ঢাকা নদীবন্দরে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে?

মুহম্মদ মোবারক হোসেন: এবারের ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার আরও বেশি প্রস্তুতি রাখা হয়েছে। ২১ মে থেকে ধাপে ধাপে কার্যক্রম শুরু হবে এবং ২৪ মে অফিস ছুটি শুরু হওয়ার পর যাত্রীচাপ পুরোপুরি বেড়ে যাবে। বিশেষ করে নদীতে টহল ব্যবস্থা, ঘাট পুলিশ মোতায়েন, নিরাপত্তা কার্যক্রম, যাত্রীসেবা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আগেভাগেই চালু করা হবে। এছাড়া যাত্রীচাপ কমাতে সদরঘাটের পাশাপাশি বছিলা ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকেও লঞ্চ চলাচলের পরিকল্পনা রয়েছে।

প্রশ্ন: ঈদযাত্রার মূল কার্যক্রম কবে থেকে শুরু হবে?

মুহম্মদ মোবারক হোসেন: কিছু কার্যক্রম ২১ মে থেকেই শুরু হবে। যেমন নদীতে রাউন্ড, ঘাট পুলিশ এবং নিরাপত্তা টহল। তবে মূল যাত্রীচাপ ২৪ মে থেকে শুরু হবে, কারণ ওই দিন থেকে অফিস ছুটি কার্যকর হবে এবং মানুষ ব্যাপকভাবে বাড়ির পথে রওনা হবে। ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে।

প্রশ্ন: গত বছরের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?

মুহম্মদ মোবারক হোসেন: গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আমরা নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নদীতে বিশেষ টহল ব্যবস্থা থাকবে। বিশেষ করে ১ থেকে ২৫ নম্বর পন্টুনের পেছনের অংশে কোনো নৌকা প্রবেশ করতে দেওয়া হবে না। এতে শৃঙ্খলা বজায় থাকবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।

র‌্যাব, নৌ-পুলিশ, ডিএমপি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। নদীপথে নিয়মিত রাউন্ড দেওয়া হবে এবং সন্দেহজনক বা অনিয়মপূর্ণ চলাচলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পন্টুন এলাকায় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রী ওঠানামা নিরাপদ রাখতে বাড়তি নজরদারি থাকবে।

প্রশ্ন: যাত্রীদের জন্য কী কী বিশেষ সেবা রাখা হয়েছে?

মুহম্মদ মোবারক হোসেন: যাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে বিভিন্ন সেবা দেওয়া হবে। প্রতিটি প্রবেশ ফটকে হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। ট্রলি সেবা থাকবে, যাতে যাত্রীরা সহজে মালামাল বহন করতে পারেন। এছাড়া প্রাথমিক চিকিৎসাসেবা চালু থাকবে। অসুস্থ ও বয়স্ক যাত্রীদের সহায়তায় প্রশিক্ষিত ক্যাডেট নিয়োজিত থাকবে। তারা সম্মানের সঙ্গে যাত্রীদের লঞ্চ পর্যন্ত পৌঁছে দিতে সহায়তা করবেন। এতে বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি অনেক কমবে বলে আমরা আশা করছি।

প্রশ্ন: এবারও কি বিনামূল্যে কুলিদের সেবা থাকবে?

মুহম্মদ মোবারক হোসেন: সদরঘাটে কুলিদের কারণে যাত্রীদের যে ভোগান্তির অভিযোগ পাওয়া যায়, সেটি নিরসনে এবারও আলাদা করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিএ থেকে ১০ দিনের জন্য ২০০ জন স্বেচ্ছাসেবী কুলি নিয়োগ দেওয়া হবে। তারা নির্দিষ্ট দায়িত্বে থাকবেন এবং সবাইকে নীল জ্যাকেট পরিহিত অবস্থায় সহজেই শনাক্ত করা যাবে। ফলে শুধু অনুমোদিত কুলিরাই যাত্রীদের লাগেজ বহনে সহায়তা করতে পারবেন।

এই ব্যবস্থার কারণে আগের মতো অবৈধ বা অনিয়ন্ত্রিত কুলিদের চাপ এবং যাত্রী হয়রানি অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া যাত্রীদের সুবিধার জন্য ট্রলি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে, যাতে কেউ চাইলে নিজেই নিজের মালামাল বহন করতে পারেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কুলি সেবার বিনিময়ে যাত্রীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে না। বিষয়টি কঠোরভাবে মনিটর করা হবে, যাতে কেউ অতিরিক্ত বা অবৈধভাবে অর্থ আদায় করতে না পারে।

প্রশ্ন: পন্টুন এলাকায় যাত্রীদের টানাটানি ও বিশৃঙ্খলা বন্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

মুহম্মদ মোবারক হোসেন: পন্টুন এলাকায় ক্যানভাসার, হকার ও যাত্রী টানাটানির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এবার পন্টুন এলাকা স¤পূর্ণভাবে ক্যানভাসার ও হকারমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ যাত্রীদের জোরপূর্বক লঞ্চে তোলার চেষ্টা করলে বা হয়রানি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য হলো পন্টুন এলাকায় একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা, যাতে যাত্রীরা কোনো ধরনের চাপ বা বিশৃঙ্খলার শিকার না হন।

প্রশ্ন: এবার কত সংখ্যক মানুষ নদীপথে যাতায়াত করতে পারে বলে আশা করছেন?

মুহম্মদ মোবারক হোসেন: আমরা আশা করছি এবারের ঈদযাত্রায় নদীপথে প্রায় ১০ থেকে ১২ লাখ মানুষ বাড়ি ফিরবেন। গত বছর একদিনে সর্বোচ্চ ১৩৪টি লঞ্চ চলাচল করেছে। এবার আমাদের মোট ১৭৫টির মতো লঞ্চ প্রস্তুত রয়েছে। নিয়মিত চলাচলকারী লঞ্চের বাইরেও অতিরিক্ত কিছু লঞ্চ রাখা হয়েছে। যাত্রীচাপ বাড়লে সেগুলো বিশেষ সার্ভিস হিসেবে চালানো হবে।

প্রশ্ন: টিকিট ও অগ্রিম বুকিং নিয়ে অনেক অভিযোগ থাকে। এ বিষয়ে আপনারা কী বলবেন?

মুহম্মদ মোবারক হোসেন: টিকিট বিক্রির বিষয়টি মূলত লঞ্চ মালিকদের সঙ্গে সম্পৃক্ত। অনেকে অগ্রিম টিকিট নিয়ে থাকেন। তবে ঈদের সময় যাত্রীচাপ ও সময়সূচির পরিবর্তনের কারণে অনেক সময় শিডিউলে পরিবর্তন আসে। দেখা যায়, কোনো লঞ্চ রাত আটটায় ছাড়ার কথা থাকলেও বিকেল পাঁচটার মধ্যেই পূর্ণ হয়ে যায়। তখন যাত্রীদের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে আগে আসতে বলা হয়। আমরা চেষ্টা করছি যাতে যাত্রীরা ভোগান্তিতে না পড়েন এবং যাত্রা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালিত হয়।

প্রশ্ন: যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কী ধরনের ব্যবস্থা থাকবে?

মুহম্মদ মোবারক হোসেন: ঈদযাত্রাকে নিরাপদ রাখতে র‌্যাব, নৌ-পুলিশ, কোস্টগার্ড, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে দায়িত্ব পালন করবে। সদরঘাট এলাকায় চার থেকে পাঁচটি নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক চালু থাকবে। এসব কন্ট্রোল রুম থেকে পুরো কার্যক্রম মনিটর করা হবে। মাঠপর্যায়ে মোবাইল টিম ও মোবাইল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। যাত্রীস্বার্থ রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

প্রশ্ন: যাত্রীদের অভিযোগ বা জরুরি সমস্যার ক্ষেত্রে কী ব্যবস্থা রাখা হয়েছে?

মুহম্মদ মোবারক হোসেন: যাত্রীদের অভিযোগ দ্রুত সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি লঞ্চে বিআইডব্লিউটিএ, ডিএমপি, ফায়ার সার্ভিস ও র‌্যাবের হটলাইন নম্বর প্রদর্শন করা হবে। যাত্রীরা যেকোনো সময় এসব নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষ থেকেও অভিযোগ দ্রুত নি®পত্তির চেষ্টা করা হবে, যাতে যাত্রীদের ভোগান্তি কমে এবং তারা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।

প্রশ্ন: লঞ্চের ফিটনেস, নিরাপত্তা ও ভাড়া নিয়ে কী নির্দেশনা রয়েছে?

মুহম্মদ মোবারক হোসেন: যাত্রী নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ফিটনেসবিহীন কোনো লঞ্চকে নদীপথে চলাচলের অনুমতি দেওয়া হবে না। প্রতিটি লঞ্চের কাগজপত্র, ফিটনেস ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। প্রতিকূল আবহাওয়া দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভাড়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া অনুসরণ করা হবে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করতে দেওয়া হবে না। নতুন ভাড়া থেকে ইতোমধ্যে লঞ্চ মালিকদের যাত্রীদের স্বস্তির জন্য প্রায় ১০ শতাংশ কম ভাড়া নিতে সরকার অনুরোধ জানিয়েছে।

প্রশ্ন: যাত্রীচাপ কমাতে বছিলা ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকে এবারও কি বিশেষ লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে কি?

মুহম্মদ মোবারক হোসেন: হ্যাঁ, যাত্রীচাপ কমাতে সদরঘাটের পাশাপাশি বছিলা ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকেও এবার লঞ্চ ছাড়ার পরিকল্পনা রয়েছে। এতে সদরঘাটের ওপর চাপ কিছুটা কমবে এবং যাত্রীরা বিকল্প স্থান থেকেও নিরাপদভাবে যাতায়াত করতে পারবেন। আমরা চাই যাত্রীরা যেন কম ভোগান্তিতে দ্রুত ও নিরাপদে গন্তব্যে যেতে পারেন। এই ঘাটগুলো থেকে প্রতিদিন অতিরিক্ত চারটি করে লঞ্চ ছাড়বে।

প্রশ্ন: ঈদযাত্রাকে সামনে রেখে যাত্রীদের উদ্দেশে আপনার কোনো পরামর্শ আছে?

মুহম্মদ মোবারক হোসেন: আমরা যাত্রীদের অনুরোধ করবো, তারা যেন নির্ধারিত নিয়ম মেনে লঞ্চে যাতায়াত করেন এবং অযথা ভিড় বা বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি বা অন্য কোনো অনিয়মের শিকার হন, তাহলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। সবাই যদি নিয়ম মেনে চলেন এবং প্রশাসনকে সহযোগিতা করেন, তাহলে আমরা আশা করছি এবারের ঈদযাত্রা নদীপথে নিরাপদ, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক হবে।

প্রশ্ন: ব্যস্ততার মধ্যে সময় দেওয়ায় আপনাকে ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।

মুহম্মদ মোবারক হোসেন: পাঠকদেরও ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। সবার ঈদযাত্রা নিরাপদ হোক।

বাংলাদেশ সময়: ০:৫৮:৩৮   ১৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
ভোলায় ডায়াবেটিক সমিতির পদযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত
ভোলায় ৭০’র ভয়াল ১২ নভেম্বর স্মরণ সভা ও দোয়া মাহফিল



আর্কাইভ