
নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি ভোলা জেলা সফর করেছেন। বৃহ¯পতিবার (১৪ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি। এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
বৈঠকে ভোলা জেলার শিল্প ও বাণিজ্যের অপার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভোলার প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে জ্বালানি, সার, কাঁচ ও সিরামিক শিল্পের উজ্জ্বল সম্ভাবনার দিকগুলো রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন জেলা প্রশাসক। এছাড়া কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ এবং ওষুধ শিল্পের প্রসারে ভোলার ভৌগোলিক ও প্রাকৃতিক সুবিধাসমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা চলাকালে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, “ভোলা জেলা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এখানে গ্যাসভিত্তিক শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। আলজেরিয়ার বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করলে উভয় পক্ষই লাভবান হবে।”
আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি ভোলার সম্ভাবনা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী। বিশেষ করে ভোলায় যৌথ বিনিয়োগের বিভিন্ন সুযোগ নিয়ে তিনি ইতিবাচক মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আমি বিশ্বাস করি।”
সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক মহোদয় রাষ্ট্রদূতকে সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই সফরের মধ্য দিয়ে ভোলায় বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত সূচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১২:২৩:০৮ ১০২ বার পঠিত