
নিজস্ব প্রতিবেদক ॥
ভোলার গজনবী স্টেডিয়ামে আজ অত্যন্ত উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ‘জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ভোলার যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ভোলার জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ফুটবল টুর্নামেন্ট ভোলার খুদে ফুটবলারদের প্রতিভা বিকাশে এবং সুস্থ বিনোদনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রহুল আমীন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ হুমায়ুন কবির সোপান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ আকাশে রঙিন বেলুন উড়িয়ে এবং টুর্নামেন্টের ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে এই ক্রীড়া উৎসবের সূচনা করেন। এসময় মাঠের চারপাশে খুদে খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার বিজয়ী প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দলগুলো অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের মাধ্যমে শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির পাশাপাশি মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ শরীর ও মন গঠনে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উদ্বোধনী ম্যাচ দেখার জন্য গজনবী স্টেডিয়ামে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছে।
বাংলাদেশ সময়: ০:৫৩:৫৮ ১২৫ বার পঠিত