
চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশন পৌর শহরে দীর্ঘ ৫৫ বছরের পুরনো একটি দোকান ভিটা জোরপূর্বক দখল, মালিককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মো. ছালাম (৪৫), পিতা- মৃত হারুন অর রশিদ বাদী হয়ে চরফ্যাশন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। যার মামলা নং-সিআর ৫০৩/২৬ (চর)।
গত সোমবার (১১ মে) দায়ের করা মামলায় প্রধান আসামী হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া (৬০), পিতা- মৃত ওয়াহেদ আলী মালতিয়া। এছাড়া তাঁর দুই ছেলে মো. ফাহাদ হোসেন মালতিয়া (৩৮) ও মো. আরাফাত হোসেন মালতিয়াকে (৩৫) আসামি করা হয়েছে।
মামলার আরজি সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল দুপুরে চরফ্যাশন পৌর বাজারের ৪৭৮নং হোল্ডিংয়ে কাপুড়িয়া পট্টি পূর্ব মাথায় অবস্থিত বাদীর দোকানে আসামিগণ প্রবেশ করে বাদীর কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে উপুর্যুপরি কিল, ঘুষি ও থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। একপর্যায়ে আসামিরা দোকানের তালা ভেঙে তাদের নিজস্ব নতুন তালা লাগিয়ে দোকানটি জবরদখল করেন। মামলার অভিযোগে বলা হয় আসামিরা হুমকি দিয়ে বলেন, টাকা না দিলে এই দোকানের তালা আর খোলা যাবে না। এখন পর্যন্ত দোকানটি তালাবদ্ধ অবস্থায় আছে।
মামলার বাদী মো. ছালাম বলেন, ঘটনার পর তিনি স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় নীতিনির্ধারকদের কাছে বিচার চেয়েছিলেন। তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও আসামিদের রাজনৈতিক ও পেশিশক্তির দাপটে শেষ পর্যন্ত কোনো সমাধান দিতে পারেননি। এছাড়া থানায় মামলা করতে গেলেও আসামিদের প্রভাবে ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন।
বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফজাল হোসেন নালিশি দরখাস্তটি আমলে নিয়ে একটি আদেশ প্রদান করেন। আদেশে বলা হয়, অভিযোগের গুরুত্ব ও গভীরতা বিবেচনায় বাদীর দাখিলকৃত দরখাস্তটি থানা এজাহার (ঋওজ) হিসেবে গণ্য করে অবিলম্বে এফআইআর রুজু করতে হবে। আদালত চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারা অনুযায়ী দ্রুত তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন। এছাড়া আদেশ অনুযায়ী আগামী ৩ দিনের মধ্যে মামলা দায়ের সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য বলা হয়েছে।
এবিষয়ে মামলার প্রধান আসামি মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, এই দোকান ভিটার মালিক আমার পিতা- মৃত ওয়াহেদ আলী মালতিয়া। চাঁদার কথা অস্বীকার করে তিনি বলেন, দীর্ঘ বছর পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে তারা বেআইনি ভাবে দখল করে আছে। তাই দোকানে তালা দিয়েছি। দোকানটি ৫৫ বছর তাদের দখলে থাকলেও ইতিপূর্বে বিএনপি ক্ষমতায় থাকাকালীন দখল করেননি কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আলমগীর মালতিয়া তথ্যবহ কোন উত্তর দিতে পারেননি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া এ বিষয়ে বলেন, আদালতের আদেশ আমরা হাতে পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
বাংলাদেশ সময়: ০:৫৩:০৮ ৮৭ বার পঠিত