
মোঃ আব্দুর রহমান হেলাল ॥
ভোলায় নতুন প্রজন্মের ক্রীড়াবান্ধব ও শৃঙ্খলাপূর্ণ বিকাশে আয়োজিত “নতুন কুঁড়ি ¯েপার্টস” এর জেলা পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবকদের উচ্ছ্বাস এবং প্রশিক্ষকদের নিবেদিত প্রচেষ্টায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যে ভরপুর।
বুধবার (১৩ মে) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামের ইনডোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় তাইকোয়ানডো, জুডো, উশু ও কারাতে ইভেন্টে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রের ক্ষুদে খেলোয়াড়রা।
দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের আত্মবিশ্বাসী পরিবেশনা, কৌশলগত দক্ষতা ও শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে কারাতে ও তাইকোয়ানডো ইভেন্টে প্রতিযোগীদের চমৎকার কিক, ব্লক ও আত্মরক্ষামূলক কৌশল উপস্থিত অতিথিদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা সহকারী কমিশনার (সাধারণ শাখা ও সংস্থাপন শাখা) এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম, জেলা মার্শাল আর্ট কোচ ও সাংবাদিক মোঃ আব্দুর রহমান হেলাল, সহকারী কোচ মোঃ মহিউদ্দিন, জেলা সুইমিং কোচ মোঃ আব্দুল মোমেন, জেলা ফুটবল কোচ বেনু চন্দ্র পাল, সাংবাদিক মেহেদী হাসান সুমন এবং শিক্ষক মাকসুদুর রহমান পিন্টুসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।
পুরস্কার হাতে পেয়ে ক্ষুদে খেলোয়াড়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নের কথা জানান। অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থী বলেন, নতুন কুঁড়ি ¯েপার্টস তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং নিয়মিত অনুশীলনে আরও উৎসাহ জুগিয়েছে।
জেলা মার্শাল আর্ট কোচ মোঃ আব্দুর রহমান হেলাল বলেন, “মার্শাল আর্ট শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, আত্মরক্ষা ও আত্মবিশ্বাস গঠনের একটি কার্যকর মাধ্যম। শিশু-কিশোরদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সহকারী কোচ মোঃ মহিউদ্দিন বলেন, “ক্ষুদে খেলোয়াড়দের আগ্রহ ও প্রতিভা আমাদের আশাবাদী করে তুলছে। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে ভোলার সন্তানরাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারবে।”
জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ০:৫১:৫১ ৭৩ বার পঠিত