
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে পুলিশের এক বিশেষ অভিযানে একটি জীবন্ত গাঁজা গাছ ও ৫০ গ্রাম গাঁজাসহ মা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে লালমোহন পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আবু খলিফার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. সুজন ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় আসামিদের বসতবাড়ির বাগান থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন’ লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. শরীফ (৩৫) ও তার মা কুসুম বেগম (৫২)। অভিযানে তাদের সঙ্গে থাকা তজুমদ্দিন উপজেলার চাচড়া এলাকার বাসিন্দা লোকমানকেও (২৬) গ্রেপ্তার করা হয়।
লালমোহন থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতসহ আসামিদের থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৪৯:১৩ ৮৯ বার পঠিত