
নিজস্ব প্রতিবেদক ॥
ভোলায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ২০২৬’-এর ক্রিকেট ইভেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (১২ মে) বিকেলে প্রতিযোগিতার চূড়ান্ত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
গত ৯ মে ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই ক্রিকেট যজ্ঞে জেলার বিভিন্ন উপজেলার উদীয়মান খেলোয়াড়রা অংশগ্রহণ করে। মঙ্গলবার (১২ মে) সমাপনী দিনে বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার ফলাফলে বালক বিভাগে তজুমদ্দিন উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভোলা পৌরসভা। অন্যদিকে, বালিকা বিভাগেও নিজেদের আধিপত্য বজায় রেখে চ্যাম্পিয়ন হয়েছে ভোলা পৌরসভা এবং রানার্স-আপ হয়েছে লালমোহন উপজেলা।
পুরস্কার বিতরণীকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, “নতুন প্রজন্মের মেধাবিকাশ ও শারীরিক গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমেই আগামী দিনের দক্ষ ক্রিকেটার তৈরি হবে যারা জাতীয় পর্যায়ে ভোলার নাম উজ্জ্বল করবে।” তিনি বিজয়ী ও বিজিত সকল দলকে অভিনন্দন জানান এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্যালারিতে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
বাংলাদেশ সময়: ২০:৩৩:৫৯ ৭২ বার পঠিত