
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ লিটন ফরাজী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক মাপার একটি ওজন যন্ত্রও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১০ মে ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ নাজমুল হুদা ও তাঁর সঙ্গীয় ফোর্স টবগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দালালপুর পুলের গোড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী লিটন ফরাজীকে তার বসত ঘরের সামনে থেকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৩,৬৫০/- টাকা এবং মাদক ওজন করার একটি ডিজিটাল মাপক যন্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত লিটন ফরাজী দালালপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
বোরহানউদ্দিন থানা পুলিশ জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০:৫৭:২৮ ৮৪ বার পঠিত