
চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার দুলারহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জবাইকৃত একটি গরুর চামড়া, মাথাসহ ১৫ কেজি মাংস উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার গভীর রাতে ২ জন গরু চোরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুলারহাট থানাধীন নুরাবাদ ৮নং ওয়ার্ডের জনৈক বাদীর বসতঘরের দক্ষিণ পাশের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। গরু চুরির সংবাদ পাওয়ামাত্র দুলারহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে নুরাবাদ ৮নং ওয়ার্ডের কলাবাগান সংলগ্ন মোঃ মিজান হাওলাদারের মাছের ঘেরের পূর্ব পাড় থেকে জবাইকৃত গরুর ১টি চামড়া, ১টি মাথা ও ১৫ কেজি মাংস উদ্ধার করা হয়।
পরবর্তীতে পুলিশি তৎপরতায় উক্ত এলাকা থেকেই চুরির সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সুলতান হাওলাদার (৪০), পিতা-আব্দুল কাদের এবং মোঃ নুরনবী (৪০), পিতা-আবু তাহের। তারা উভয়ই নুরাবাদ ৮নং ওয়ার্ডের বাসিন্দা।
এই ঘটনায় দুলারহাট থানায় পেনাল কোডের ৩৮০/৪১৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৮, তারিখ-০৮ মে, ২০২৪/২৬)। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জনস্বার্থে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৩:১৬:১৮ ১০৮ বার পঠিত