
ইব্রাহিম আকতার আকাশ।।
ভোলায় বজ্রপাতে শাকিল (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা এক বন্ধু গুরুতর আহত হন। একই ঘটনায় একটি গরুও মারা গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত বন্ধুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরগাজী গ্রামের গাছালীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শাকিল ওই গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে। তিনি ভোলা শহরের আলতাজুর রহমান ডিগ্রি কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী।
মৃত শাকিলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে আড্ডা দিচ্ছিলেন শাকিল ও তার বন্ধু তুহিন। ওই সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাকিল মারা যান এবং তুহিন গুরুতর আহত হন। এসময় কাছাকাছি থাকা একটি গরুও বজ্রপাতে মারা যায়।পরে স্থানীয়দের সহযোগিতায় আহত তুহিনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ক্ষতিগ্রস্থ কৃষক ইউসুফ মিয়া জানান, দুপুরে ঘাস খাওয়ার জন্য বাড়ির পাশে গরুটিকে বেঁধে রাখি। এরপর হঠাৎ বজ্রপাতের একটি বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে পৌঁছে শাকিলের লাশ দেখত পাই। এরপর দেখি আমার গরুটিও মরে আছে।
এদিকে এ ঘটনায় ওই এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পরিবেশ।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:২৫:০১ ১০০ বার পঠিত