![]()
স্টাফ রিপোর্টার।।
ভোলায় বিএনপি নেতা মো. জাকির ফরাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে তার অনুসারীরা। এতে প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীসহ দূরপাল্লার যাত্রীরা।
বুধবার (০৬ মে ) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা শহরের উপশহর বাংলাবাজার এলাকায় মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে কোস্ট গার্ড জাকির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তি মো. জাকির হোসেন ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা এবং তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
![]()
তবে জাকিরের অনুসারীরা তাকে নির্দোষ দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
অবরোধ চলাকালে সাধারণ মানুষ, বিশেষ করে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে দুপুরের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:১২:১০ ১১৯ বার পঠিত