বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
মঙ্গলবার, ৫ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ মোঃ জাকির হোসেন (৪২) নামের ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। সে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফরাজি বাড়ির ছিদ্দিক ফরাজির ছেলে। মঙ্গলবার (০৫ মে) ভোর রাতে ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে তাকে অটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার সদর থানাধীন কোরালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মোঃ জাকির হোসেন ঢাকা হতে কর্ণফুলী-১৩ লঞ্চ যোগে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় গমন করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার (৫ মে) মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় উক্ত লঞ্চে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন লঞ্চে তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ সন্ত্রাসী মোঃ জাকির হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সন্ত্রাসী মোঃ জাকির হোসেন (৪২) ভোলার সদর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল।

আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:০১   ৬৩ বার পঠিত