
নিজস্ব প্রতিবেদক ॥
ভোলার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৭২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জুম্মান (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৪ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ভোলা সদর মডেল থানাধীন কালেক্টর স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জুম্মান ভোলা জেলার লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার মোঃ সেলিমের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ভোলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)’র সঠিক দিক-নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ আবু ইউসুফ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পান বাজার মোড় সংলগ্ন কালেক্টর স্কুল এন্ড কলেজের সামনের পাকা রাস্তার ওপর থেকে জুম্মানকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৭২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার জানান, মাদকমুক্ত ভোলা গড়ার লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ০:৪০:১৫ ৫৩ বার পঠিত