
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের (ওসি) বলিষ্ঠ নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার (২ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ জসিম উদ্দিন হাওলাদার ও তাঁর সঙ্গীয় ফোর্স টবগী ইউনিয়নের মুলাইপত্তন ০৯নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে স্থানীয় মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেনের বসত ঘর থেকে তাকে এবং তার স্ত্রী তাসলিমা বেগমকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৭০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোঃ জাকির হোসেন (৩৮), পিতা- মৃত বাদশা মিয়া এবং তাসলিমা বেগম (৩৫), স্বামী- মোঃ জাকির হোসেন। তারা উভয়েই বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের মুলাইপত্তন ০৯নং ওয়ার্ডের বাসিন্দা।
বোরহানউদ্দিন থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০:৫৬:১৭ ৬০ বার পঠিত