
স্টাফ রিপোর্টার ॥
ভোলার সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. শামীম খলিফা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
রবিবার (৩ মে) ভোরে ডিবি পুলিশের এসআই মোঃ আবু ইউসুফ সঙ্গীয় ফোর্সসহ ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্য বাপ্তা এলাকায় অভিযান চালান। এসময় খলিফা বাড়ীর সামনের ব্রীজের ওপর থেকে মাদক কেনাবেচার সময় শামীম খলিফাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শামীম খলিফা মধ্য বাপ্তা হাজিরহাট ২নং ওয়ার্ডের মৃত আবু আল খায়ের রতন মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০:৫২:০০ ৮০ বার পঠিত