
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের আমির/সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) জেলা কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা আমির মাষ্টার মোঃ জাকির হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলা তত্ত্বাবধায়ক ফখরুদ্দীন খান আল রাজি।
সম্মেলনে বক্তারা বলেন, একটি আদর্শভিত্তিক সমাজ গঠনে তৃণমূল পর্যায়ের সংগঠনকে সুসংগঠিত ও সক্রিয় করা অত্যন্ত জরুরি। দেশের সার্বিক উন্নয়ন, নৈতিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আদর্শিক নাগরিক গড়ে তুলতে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, সমাজে বিদ্যমান অন্যায়-অবিচার ও জাহেলিয়াত মোকাবেলায় ইসলামের সুমহান আদর্শ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী গড়ে তোলার বিকল্প নেই। এজন্য সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং নিয়মিত দাওয়াতি কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়ের আমির/সভাপতি ও সেক্রেটারিগণ অংশগ্রহণ করেন।
সভা শেষে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ০:৪৭:৪০ ৬৪ বার পঠিত