
চরফ্যাশন প্রতিনিধি ॥
বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম রহিমা ইসলাম কলেজের বাংলা বিভাগের অনার্স ৩য় ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কলেজের বাংলা বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত সংবর্ধনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান খন্দকার শাহিন আলম। বিভাগের প্রভাষক ফারজানা সখির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক তাপস দেবনাথ। সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আবদুল্লা আল মামুন, অর্থনীতি বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ। উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জাফর ইকবাল, আবদুর রব, বাংলা বিভাগের প্রভাষক মো. নুর উল্লাহ আরিফ, ইসমাইল হোসেন রাহাত, মনির হোসাইন প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শামীম।
বিদায়ি শিক্ষার্থী আবু ইউসুফ বলেন, বিদায় সর্বদাই দীর্ঘশ্বাস ছেড়ে যায়, কেননা ভাব যেখানে প্রবল ভাষা সেখানে রুদ্ধ। আজকের এই সুন্দরতর বিদায়ের ক্ষণে ৪ বছরের প্রতিটা স্মৃতিই যেন হৃদয়ে করাঘাত করছে তবুও চলে যেতে হচ্ছে আমার চিরচেনা সবুজ বিচালীর আঙিনা ছেড়ে।
আরেক বিদায়ি শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, জীবনের সব থেকে সেরা সময়গুলি কাটিয়েছি এই ভালবাসার ক্যাম্পাসে। ক্রিকেটের ২২ গজ পিচ, পুকুর ঘাটে বন্ধুদের সঙ্গে আড্ডা, বৃষ্টির দিনে ফুটবল খেলা, চায়ের কাপে আড্ডা, বন্ধুদের অনেক বেশি মিস করবো। যে বন্ধুরা সব সময় সুখে-দুঃখে পাশে ছিল। বন্ধুরা সবাই নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত হোক, ভালো থাকুক, এটাই চাওয়া। আকাশ ভেঙ্গে যখন ঝুম বৃষ্টি নামবে। তখন জানালা দিয়ে আকাশের পানে তাকিয়ে থেকে ক্যাম্পাসের সুন্দর মুহূর্ত ও স্মৃতিগুলি খুঁজে ফিরবো।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাকসুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ কামনা করে বলেন, তোমাদের ভবিষ্যত উজ্জল হোক। আগামী দেশ জাতির উন্নতি ও রাষ্ট্রের কল্যাণে তোমাদের অবদান রাখতে হবে। তোমাদেরকে জাতির রাহবার হতে হবে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে কলেজের বাংলা বিভাগের আঙিনা বর্ণিলসাজে সাজানো হয়। জমকালো আয়োজনের অনুষ্ঠানকে কলেজের ইতিহাসে সেরা অনুষ্ঠান হিসেবে অভিহিত করেন আগত অতিথিরা।
বাংলাদেশ সময়: ০:১৫:২০ ১২২ বার পঠিত