
স্টাফ রিপোর্টার ॥
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ভোলার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক উন্নয়ন।
রোববার (২৬ এপ্রিল ২০২৬) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত ১৪টি প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।
ভোলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ প্রকল্প হলো ‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক (এন-৮০৯) বরিশাল (চর কাউয়া) হতে ভোলা (ইলিশা ফেরি ঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প। এছাড়া বরিশাল-টুমচর-বাউফল জেলা মহাসড়ক উন্নয়ন এবং গোমা সেতু নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সভায় পাঁচটি নতুন, পাঁচটি সংশোধিত এবং চারটি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০:৪০:১৫ ১১১ বার পঠিত