
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় জেলা পর্যায়ের ‘জরুরী এমআর টিকাদান কর্মসূচি ২০২৬’ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সিভিল সার্জনের কার্যালয়, ভোলা-এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হামের টিকাদান কার্যক্রমকে একটি জনসচেতনতামূলক আন্দোলনে পরিণত করতে হবে। এ লক্ষ্যে গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, কোনো শিশু যেন টিকাদান থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিবিড় তদারকি জোরদার করতে হবে।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন, ভোলা বলেন, টিকাদান কার্যক্রমকে সফল করতে সমন্বিত প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বাস্থ্যকর্মীদের প্রতি নির্দেশনা দেন, ঘরে ঘরে গিয়ে অভিভাবকদের সচেতন করতে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ কার্যক্রম বাস্তবায়নে কারিগরি সহযোগিতা প্রদান করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ। সকলের সম্মিলিত উদ্যোগেই সম্ভব হামমুক্ত ভোলা গড়ে তোলা।
বাংলাদেশ সময়: ১৭:২২:৪৬ ৮৪ বার পঠিত