
লালমোহন প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, “আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি; এসেছি লালমোহন-তজুমদ্দিনের মানুষের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে।” বৃহস্পতিবার বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে নাগরিক ফোরাম আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো এলাকায় এসে তিনি বলেন, “নির্বাচনের দুই মাস পর আমি এলাকায় এসেছি শুধুমাত্র এই অঞ্চলের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতি সম্মান জানাতে। স্পিকার হওয়ার কারণে ব্যস্ততা বেড়েছে, সংসদে আমি শুধু গাইড করি; কিন্তু আমার মন পড়ে থাকে এই মাটিতেই।”

উন্নয়ন পরিকল্পনা ও আশ্বাস: বক্তব্যে তিনি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রাণের দাবি ‘ভোলা-বরিশাল সেতু’ প্রকল্প বাস্তবায়নে নিজের সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ভোলায় একটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে স্পিকার বলেন, “মেডিক্যাল কলেজটি যাতে লালমোহনে স্থাপন করা হয়, সেজন্য আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানাব।”
নাগরিক ফোরামের সভাপতি মাওলানা আওয়ালের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৎজিত কুমার ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে স্পিকার এলাকার সুধী সমাজ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। দীর্ঘদিন পর জনপ্রিয় এই নেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ২১:৩২:১৬ ১৪১ বার পঠিত