
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও ইয়াবাসহ মো. শাহাবুদ্দিন (৪২) নামে এক আন্তঃজেলা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা, দামি স্মার্টফোন এবং একটি বিলাসবহুল মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মৃত নূর ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, লালমোহন থানার এসআই মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। রাত সাড়ে ১০টার দিকে চরলক্ষ্মী এলাকায় শাহাবুদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৩৪ হাজার টাকার জাল নোট এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, একটি আইফোন ১৬ প্রো-ম্যাক্স, একটি অপ্পো রেনো ১২-এফ মোবাইল, একটি বেসরকারি ব্যাংকের ডেবিট কার্ড এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন একজন পেশাদার আন্তঃজেলা মাদক ও জাল টাকা ব্যবসায়ী। তার বিরুদ্ধে লালমোহনসহ জেলার বিভিন্ন থানায় আগের আরও ৮টি মামলা রয়েছে। বুধবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভোলার জেলাজুড়ে অপরাধ দমনে পুলিশের এই অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩:৩৯:২২ ২০৭ বার পঠিত