
মোঃ বিল্লাল নাফিজ ॥
ভোলা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ভোলা ডায়াবেটিস হাসপাতালের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সহসভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান। এসময় বক্তব্য রাখেন, ভোলা ডায়াবেটিক সমিতির সম্পাদক আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুস, সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রুহুল আমীন জাহাঙ্গীর, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, অধ্যক্ষ খালেদা খানম, অধ্যক্ষ মাজহারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলহাজ্ব গোলাম নবী আলমগীর দীর্ঘদিন ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অভিজ্ঞতা, সততা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে ভোলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ডায়াবেটিক সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন বক্তারা।
এসময় আলহাজ্ব গোলাম নবী আলমগীর তাঁর বক্তব্যে ভোলা ডায়াবেটিক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ভোলার মানুষের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। স্বাস্থ্যখাতসহ জেলার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।” তিনি ডায়াবেটিস রোগীদের জন্য সচেতনতা কার্যক্রম জোরদার এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১:০০:২১ ৭৭ বার পঠিত