
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জামায়াতের এক নারী কর্মীকে গ্রেফতার ও জেলহাজতে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা। সোমবার (৬ এপ্রিল) বিকালে দলটির জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। জেলা আমির মুহাম্মদ জাকির হোসাইনের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হারুন অর রশীদ।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, ভোলা পৌরসভার মহিলা কর্মী বিবি সাওদা (৩৭)কে কোনো ধরনের সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। গত রাতে ভোলা পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের যমযম টাওয়ারে নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে পূর্ববর্তী সরকারের সময় এই আইনের অপব্যবহারের মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা বাধাগ্রস্ত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত বিবি সাওদার তিন বছর বয়সী বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যার দেখভালের জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত জরুরি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী তা উপেক্ষা করেছে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিবি সাওদার মুক্তি দাবি করেন। একই সঙ্গে গ্রেফতারের পেছনে নির্দেশদাতাদের পরিচয় প্রকাশের আহ্বানও জানানো হয়।
এসময় ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মনির, প্রচার ও মিডিয়া পরিচালক অধ্যাপক আমির হোসেন এবং ভোলা পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:৪৫:২৩ ৯৬ বার পঠিত