
স্টাফ রিপোর্টার।।
ভোলার চরফ্যাশন উপজেলার খেজুরগাছিয়া পর্যটন এলাকায় পর্যটকদের আটকিয়ে চাঁদা আদায় ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে রাশেদ নামে এক সন্ত্রাসীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় আগত স্বামী-স্ত্রীসহ সাধারণ পর্যটকদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছিলেন।
ঘটনাটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে সরেজমিনে উপস্থিত হন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং ভুক্তভোগী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, খেজুরগাছিয়া পর্যটন এলাকাটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠলেও কিছু অসাধু ব্যক্তির কারণে দর্শনার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান।
উল্লেখ্য, ভোলা-০৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নির্বাচনের পূর্বে জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন—চরফ্যাশন ও মনপুরা এলাকায় কোনো জুলুমবাজ, চাঁদাবাজ, দখলবাজ কিংবা মাদক কারবারীর স্থান হবে না। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং পর্যটন এলাকায় আইন-শৃঙ্খলা আরও জোরদার করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:৫১:০৩ ১০৭ বার পঠিত