
আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
ভোলার উপকূলীয় জনপদ বোরহানউদ্দিনে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ছোঁয়ায় এক নতুন বিপ্লবের স্বপ্ন বুনছেন কৃষকরা। প্রান্তিক চাষিদের দক্ষ কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’। বুধবার (১ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কয়েকশ কৃষাণ-কৃষাণীর উপস্থিতিতে এই সম্মেলন এক মিলনমেলায় পরিণত হয়।
‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স’ (পার্টনার) প্রকল্পের মূল দর্শন হলো কৃষিকে কেবল জীবনধারণের মাধ্যম নয়, বরং লাভজনক ব্যবসায় রূপান্তর করা। অনুষ্ঠানে বক্তারা জানান, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কীভাবে ফসলের সর্বোচ্চ ফলন নিশ্চিত করা যায়, তা হাতে-কলমে শেখানোই এই কংগ্রেসের মূল লক্ষ্য।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক বলেন, “আমরা চাই আমাদের কৃষকরা আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে দক্ষ হয়ে উঠুক। পার্টনার প্রকল্পের মাধ্যমে তারা এখন ফসলের সঠিক মূল্যশৃংখল (ঠধষঁব ঈযধরহ) স¤পর্কে জানতে পারছে, যা তাদের সরাসরি বাজারের সাথে যুক্ত করবে।”
সভায় সচিত্র উপস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ, পরিবেশবান্ধব কীটনাশক ব্যবহার এবং উচ্চমূল্যের ফসল চাষের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কংগ্রেসে অংশ নেওয়া কৃষকদের চোখে-মুখে ছিল নতুন কিছু করার প্রত্যয়। উপজেলার দেউলা গ্রামের কৃষক সেলিম মিয়া জানান, আগে তারা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতেন যেখানে খরচ ছিল বেশি, লাভ ছিল সামান্য। কিন্তু পার্টনার স্কুলের প্রশিক্ষণে আধুনিক কলাকৌশল শিখে এখন তিনি উৎপাদন খরচ কমিয়ে দ্বিগুণ লাভের স্বপ্ন দেখছেন।
একই সুর শোনা গেল চর গাজীপুর গ্রামের কৃষানি শিউলি আক্তার-এর কণ্ঠে। তিনি বলেন, “বীজ বপন থেকে শুরু করে ফসল বিক্রির প্রতিটি ধাপে যে বিজ্ঞানের ব্যবহার আছে, তা এই প্রকল্পের মাধ্যমে জানতে পেরেছি। এখন আমরা ফসল উৎপাদনের পাশাপাশি বাজারজাতকরণেও দক্ষ হয়ে উঠছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ শামীম আহমেদ, পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ রিয়াজউদ্দিন এবং খামারবাড়ি ভোলার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ বাহাউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জুয়েল রানা।
বোরহানউদ্দিনের কৃষি অর্থনীতিতে এই ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। কর্মকর্তাদের মতে, যদি প্রান্তিক পর্যায়ে এই আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করা যায়, তবে বোরহানউদ্দিনের কৃষি পণ্য বিদেশের বাজারেও রপ্তানি করা সম্ভব হবে, যা স্থানীয় অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে।
বাংলাদেশ সময়: ১৩:৫০:১৮ ৬৯ বার পঠিত