
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এসময় স্বর্ণালঙ্কার লুট ও বসতঘরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চর মনসা এলাকায়।
এ ঘটনায় ওই নারীর স্বামী মোঃ আনোয়ার হোসেন (৩৩) বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, জমি-জমার ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে তাদের বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন হান্নান মিঝি আবু কালাম রাড়ী, গিয়াস উদ্দিন, মালেক রাড়ী সাহাবুদ্দিন, মোঃ রিয়াজ, হাছিনা বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তার বসতঘরের সামনে এসে গালিগালাজ শুরু করে।
বাদীর স্ত্রী নাজমা আক্তার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে হান্নান মিঝি ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি গুরুতর জখম হন এবং মাথায় তিনটি সেলাই দিতে হয়। এছাড়া লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
এসময় তার পরিহিত কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। আহতের স্বামীর দাবি, হামলাকারীরা তার স্ত্রীর গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের স্বর্ণের চেইন এবং কানের ৪ আনা ওজনের একটি স্বর্ণের কানপাশা ছিনিয়ে নেয়।
এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি ফলে বক্তব্য নেওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগের আলোকে একটি মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের মধ্যে প্রধান দুজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫:১৪:৪৭ ১২৪ বার পঠিত