
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে ছয় পা বিশিষ্ট একটি বিরল বাছুরের জন্ম হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বচর উমেদ গ্রামে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে। বাছুরটি সুস্থ থাকায় এবং এর ভিন্নধর্মী শারীরিক গঠনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়ির একটি গাভী শুক্রবার শেষ রাতে বাছুরটির জন্ম দেয়। জন্মের পর দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পা ছাড়াও ঘাড়ের কাছে অতিরিক্ত আরও দু’টি পা রয়েছে। গাভীর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, বিষয়টি দেখে প্রথমে তিনি আতঙ্কিত হলেও পরবর্তীতে চিকিৎসক তাকে আশ্বস্ত করেছেন।
বর্তমানে বাছুরটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে। তবে বিরল এই দৃশ্য এক নজর দেখার জন্য শাহাবুদ্দিন মিয়ার বাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন।
লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. গোলাম মোস্তফা জানান, ঘটনাটি বিরল হলেও বাছুরটির জীবন নিয়ে শঙ্কার কিছু নেই। তিনি বলেন “বাছুরটি বর্তমানে স¤পূর্ণ সুস্থ। বড় হওয়ার পর অতিরিক্ত পা দু’টি অপারেশনের মাধ্যমে অপসারণ করা সম্ভব।”
বাংলাদেশ সময়: ০:২৮:৩৬ ৭৭ বার পঠিত