
বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতা থামছেই না। সর্বশেষ শনিবার (১৪ ফেব্রুয়ারি) হাসাননগর ইউনিয়নে জামায়াতের এজেন্ট হওয়ায় ছেলেকে না পেয়ে বাবাকে পিটিয়ে আহত করেছে বিএনপি নেতাকর্মীরা।
এদিকে গত শুক্রবার কাচিয়া ৫নং ওয়ার্ডে আবারও হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাচিয়া ৫নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী এবং কাচিয়া ইসলামি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আখতারুজ্জামানের বড় ছেলে মোঃ ইসমাইলকে কুঞ্জেরহাট যাওয়ার পথে মিঝির বাজার এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ নিয়ে তাকে তৃতীয়বারের মতো হামলার শিকার হতে হলো। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আখতারুজ্জামানের আরেক ছেলেকে লক্ষ্য করে বিএনপি সমর্থিত কয়েকজন ব্যক্তি পুনরায় হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শাহিন হাওলাদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
অন্যদিকে ৯নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী কার্যক্রমে সহায়তা করার অভিযোগে নিরীহ মানুষের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, যুবদল নেতা জুয়েল সাজী ও ছাত্রদল নেতা তামিমের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন, কাজল (২৮), পিতা: আবু মিয়া। তার মাথায় ১৪টি সেলাই দেওয়া হয়েছে। পিঠ ও পায়ে মারাত্মকভাবে আঘাতজনিত রক্ত জমাট বেঁধেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
রিজন (৩২), পিতা: সিরাজ—মাথা ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
সিরাজ (৫৫), নাদুগো বাড়ি—হাত ভেঙে গেছে এবং দুই আঙুলের মাঝখানে গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় সেখানে ১০টি সেলাই দেওয়া হয়েছে।
এছাড়াও শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) হাসাননগর ইউনিয়নে ছেলেকে না পেয়ে বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, আলাউদ্দিন ভূয়ার চাচাতো ভাই রাকিব ও সাগর এ ঘটনার সঙ্গে জড়িত। তারা বিএনপি নেতা বাজারের জসিম চৌধুরীর ভাতিজা বলে স্থানীয়রা জানান।
নির্বাচন পরবর্তী এ ধারাবাহিক সহিংসতায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ সমস্ত বিষয় জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আজম বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিজয়ের পর মিছিল না করে মসজিদ মসজিদ দোয়ার অনুষ্ঠান করেছি, হামলার কথা শুনিনি।
তবে কোন নেতাকর্মী যদি অতিউৎসাহী হয়ে কিছু করে তাহলে কোন ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১২:৩৪:১২ ২৪৭ বার পঠিত