
চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথম দেড় বছরে ১ কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অতীতে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে ভবিষ্যতে সেটা আর হবে না। ঘরে ঘরে চাকরির কথা বলা হয়নি। বিএনপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে যোগ্যদের চাকুরি দেওয়া হবে। এক্ষেত্রে নারীদের কে অগ্রাধিকার দেওয়া হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
নুরুল ইসলাম নয়ন আরো বলেছেন, যারা চাঁদাবাজি করে, যারা মাদক সেবন করে কিংবা বিক্রি করে, যারা সালিশের নামে দুপক্ষকে হয়রানী করে তাদেরকে নির্বাচনের আগ পর্যন্ত সংশোধনের সুযোগ দেওয়া হলো। এ সময়ের মধ্যে যদি তারা সংশোধন না হয় নির্বাচনের পরে এ সমস্ত অপরাধীদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন। তাদেরকে ধরে পুলিশে দিবেন। অপরাধীদের ছাড়তে আমি পুলিশকে ফোন দিব না। এক্ষেত্রে আমি আপনাদের পাশে থাকব।
তিনি বলেন, দুর্বৃত্ত, চোর ডাকাত, মাদক ব্যবসায়ী, দখলদার,চাঁদাবাজদের বিএনপি করার দরকার নেই। এদের ছাড়া বিএনপি ইনশাল্লাহ ভালো চলবে।
নয়ন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে মানবিক রাস্ট্রে পরিনত করতে চান। যে বাংলাদেশে আর সন্ত্রাস ফিরে আসবে না, দুর্নীতি ফিরে আসবে না, বৈষম্য ফিরে আসবে না। রাষ্ট্র সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য বিএনপি ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ জন্য আপনারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন।
আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে বেকারত্ব দূর করতে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য তাকে সুযোগ দেয়ার অনুরোধ জানান এবং ধানের শীষে ভোট চাওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন। সমাবেশে ওমরপুর ইউনিয়ন নির্বাচন সমন্বয়কারী হুমায়ুন কবির সিকদার এবং শহিদুল ইসলাম দুলালসহ উপজেলা ও ওমরপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫০ ১২২ বার পঠিত