
লালমোহন প্রতিনিধি ॥
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, যারা অতীতে মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে জড়িত ছিলেন না, এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে সাদরে গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, দেশের মানুষ এখন সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের ভোটে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, যা বিএনপির রয়েছে।
তিনি আরও বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে। এ ধরনের ‘ধর্ম ব্যবসায়ীদের’ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর নুরউদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক বাহালুল কবির সাকিল পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:২৮:০৪ ৭৯ বার পঠিত