
লালমোহন প্রতিনিধি।।
ভোলার লালমোহন উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার আবু তাহের মাতাব্বর (৪৫) এবং মো. অলি উল্যাহ ডুবাই (৫৮)। তারা দুজন সম্পর্কে আপন শ্যালক-দুলাভাই।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গজারিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে কর্তারহাট এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন আবু তাহের মাতাব্বর ও অলি উল্যাহ ডুবাই। এরপর তারা ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ভোলাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। ঘটনার পর বাসে আগুন দেন বিক্ষুব্ধ জনতা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর পর বাসটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:১৭:০৫ ১০৯ বার পঠিত