খলিল উদ্দিন ফরিদ।।
ভোলার চরফ্যাশনে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে ‘Special Program–Development (Agriculture)’ প্রকল্পের আওতায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এই প্রশিক্ষণের আয়োজন করে।
মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল—মরিচ, টমেটো, শসা ও করলা চাষ বিষয়ে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আবু তাহের। এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এফডিএ’র কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম।
প্রশিক্ষণে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের কৃষি আজ চ্যালেঞ্জের মুখে। এ অবস্থায় মালচিং প্রযুক্তি মাটির আর্দ্রতা ধরে রাখা, লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং উৎপাদন খরচ কমাতে কার্যকর ভূমিকা রাখছে। একই সঙ্গে সূর্যের আলো প্রতিফলনের মাধ্যমে ক্ষতিকর পোকা দমন হওয়ায় কীটনাশকের ব্যবহার কমে এবং বিষমুক্ত সবজি উৎপাদন সম্ভব হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু তাহের বলেন, মালচিং পদ্ধতি প্রয়োগ করলে ফলন বৃদ্ধি পায় এবং কৃষক আর্থিকভাবে লাভবান হন। উপকূলীয় কৃষিকে টেকসই করতে এই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম।
প্রশিক্ষণে এলাকার ২৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঠে নিয়ে মালচিং পেপার বিছানো, নির্দিষ্ট দূরত্বে ছিদ্র করা ও চারা রোপণের কৌশল হাতে-কলমে শেখানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা বাণিজ্যিকভাবে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে আগ্রহী হবেন, যা উপকূলীয় অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বাংলাদেশ সময়: ২২:১১:০৮ ১২২ বার পঠিত