
মো: শামীম খান, চরফ্যাশন ॥
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি যদি আগামীতে সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষকে এমন একটি সরকার উপহার দেওয়া হবে, যেখানে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, বরং ভিন্ন রাজনৈতিক দলের মানুষও সমানভাবে নিরাপদ থাকবে।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়ন শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাহানপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে নির্বাচনী মহিলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, চরফ্যাশনকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করা হবে। তবে চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী এবং মাদকসেবী ও মাদককারবারিদের এখানে কোনোভাবেই আশ্রয় দেওয়া হবে না। ভোটের দিন পর্যন্ত তাদেরকে শোধরানোর সময় দেওয়া হয়েছে। যদি তারা ঠিকমত আচরণ না করে, তবে ভোটের পর পুলিশের কাছে হস্তান্তরের মাধ্যমে জেলখানায় পাঠানো হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ চরফ্যাশন একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে পরিণত হবে।
কর্মশালায় কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন। এসময় চরফ্যাশন উপজেলার বিএনপি ও জাহানপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০:৩৪:২৩ ১০৪ বার পঠিত