নদী ভাঙনে সবই বিলীন সিরাজের

প্রচ্ছদ » জেলা » নদী ভাঙনে সবই বিলীন সিরাজের
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

৫৫ বছর বয়সী মো. সিরাজ। এক সময় তার সবই ছিল। হাসি-খুশি দিন কেটেছিল তার। তবে নদী ভাঙনে সবই বিলীন হয়ে গেছে সিরাজের। রাক্ষুসে মেঘনা তাকে পথে বসিয়েছে। যার জন্য বাধ্য হয়ে ২০ বছর আগে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকায় অবস্থিত শ্বশুর বাড়িতে স্থানীয়দের সহযোগিতায় একটি টিনের ঘর তুলে বৃদ্ধা মাসহ স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতে শুরু করেন সিরাজ।

এখানে আয়ের উৎস হিসেবে একটি অটোরিকশা ভাড়ায় চালান তিনি। সিরাজের সংসারে তার বৃদ্ধা মা, স্ত্রী, চার মেয়ে ও এক প্রতিবন্ধী ছেলে রয়েছেন। ২০ বছর আগে যে টিনের ঘরটি তুলেছিলেন, তা-ও এখন নড়বড়ে হয়ে পড়েছে। বৃষ্টি হলে ভেতরে পানি পড়ে। তাই টিনের চাউনির ওপর দিয়েছেন তেরপাল। ওই ঘরটিও শাশুড়ির জমিতে। নিজের বলতে বর্তমানে তার কোনো সম্পদ নেই।

সিরাজ বলেন, বৃদ্ধা মা, স্ত্রী ও চার মেয়ে এবং এক ছেলে সন্তানকে নিয়ে আমার সংসার। তবে সন্তানদের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছি। তাদের স্বামীর আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তারাও বিয়ের পর থেকে আমার কাছেই থাকে। সবাইকে নিয়ে সংসার চালাতে অনেক কষ্ট করতে হয়। আয়ের সম্বল বলতে কেবল একটি অটোরিকশা। ওই অটোরিকশাটিও আমার না, ভাড়ায় চালাই। অটোরিকশা চালিয়ে দৈনিক আমার উপার্জন ৬০০ থেকে ৭০০ টাকার মতো। দিনশেষে ওই অটোরিকশা ভাড়া দিতে হয় ৩০০ টাকা। এরপর বাকি যা থাকে তা দিয়েই সংসার চালাই। তাই সংসারে অভাব-অনটন লেগেই থাকে।

সবাইকে নিয়ে যেই ঘরটিতে থাকি, সেটিরও এখন বেহাল দশা। নতুন করে ঘরটি মেরামতের সাধ্য নেই আমার। তাই তেরপাল দিয়েছি টিনের চাউনির ওপর। আর ঘরটি যে জমিতে, সেই জমিটিও আমার না। শাশুড়ি দয়া করে সেখানে থাকতে দিয়েছেন। এ ছাড়া শরীরে এখন নানান রোগ বাসা বেঁধেছে। বৃদ্ধা মা-ও অসুস্থ। নিয়মিত মাকে ওষুধ কিনে দিতে হয়, নিজের জন্যও কিনতে হয় ওষুধ।

তিনি আরো বলেন, আমার নিজের কোনো স¤পদও নেই। শাশুড়ির জমিতে ঘর তুলে থাকছি। অথচ কত মানুষকে সরকারি ঘর দেওয়া হয়েছে। আমি এতো অসহায় হওয়ার পরেও ঘরের জন্য আবেদন করে কোনো ঘর পাইনি। এ ছাড়া কত মানুষ সরকারি চালও পান। আমি সেই চাল সুবিধা থেকেও বঞ্চিত। আমার মায়ের বয়স ৭০-এর চেয়েও বেশি, তিনিও কোনো ভাতা পান না। আসলে গরীবের খোঁজ কেউ রাখে না! তাই সরকারের কাছে আমার দাবি; শিগগিরই যেন আমাকে জমিসহ আশ্রয়ণের একটি ঘর এবং সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়। একইসঙ্গে আমার বৃদ্ধা মাকে যেন একটি বয়স্ক বা বিধবা ভাতা করে দেওয়া হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, ওই ব্যক্তি যোগাযোগ করলে তাকে বিধিমোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ০:২০:৩৪   ২৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য
নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণের দাবিতে ঢাকায় ‘ভোলা সমিতি’র সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ হুমকিতে বেড়িবাঁধ-কৃষি-জনস্বাস্থ্য
জেলে অসহায় দুস্তদের ৩৩ বস্তা সরকারি চাল বিএনপি নেতার হাতে জব্দ



আর্কাইভ