
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ভোলা মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রবল চাপের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী কোনঠাসা হয়ে পড়ে। ১০ ডিসেম্বর হানাদার বাহিনী নিজেদের জীবন বাঁচাতে কার্গো লঞ্চযোগে ভোলা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তাদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুক্ত হয় ভোলা। জাতীয় বিজয়ের ছয়দিন আগেই স্বাধীনতার স্বাদ পান ভোলাবাসী। এরপর বাঁধ ভাঙা আনন্দে লাল-সবুজের পতাকা নিয়ে রাস্তায় নেমে উল্লাস করেন স্থানীয়রা।
অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, ওসি মো. অলিউল ইসলাম, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, জাসাসের সভাপতি মো. আজাদুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০:১৫:৩৪ ৮৭ বার পঠিত