
মো. বেল্লাল নাফিজ ॥
ভোলায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিস ভোলার আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ভোলা জেলা পরিষদ হল রুমে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও গুণিজনদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ শিক্ষার সামগ্রিক চিত্র তুলে ধরেন এবং মাঠপর্যায়ে শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা, শিক্ষার্থী ঝরে পড়া, প্রযুক্তিভিত্তিক শিক্ষার সুযোগ বৃদ্ধি, অভিভাবক সচেতনতাসহ মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার দিকগুলো তুলে ধরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন।
দুদিনের রাষ্ট্রিয় সফরে ভোলায় এসে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, “প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, ভবিষ্যৎ প্রজন্ম তত বেশি দক্ষ ও মানবিক সমাজ গঠনে সক্ষম হবে। এ লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের সবার সম্মিলিত কাজ করতে হবে। কোমলমতি শিশুদের জ্ঞান বিকাশে ও শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করতে হলে বিনোদন মূলক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

এছাড়াও তিনি বলেন, শিক্ষার মান উন্নত করতে সঠিক পদক্ষেপের পাশাপাশি শিক্ষকের ভূমিকা অপরিসীম। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষকের দায়িত্ব পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হবে। শিক্ষক দরদি মন নিয়ে শিক্ষা দিতে হবে। শ্রেণিকক্ষে শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে নিয়মিত ও যথাযথ পাঠদান ও শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের ওপর নির্ভর করবে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা। তিনি আরো বলেন,মাঠ পর্যায়ে সমস্যাসমুহ চিহ্নিত করে সঠিক পদক্ষেপ গ্রহন করবে সরকার।
সভায় ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিরাজুল ইসলাম উকিল, বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন, উপপরিচালক জয়নাল আবেদীন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমূখ।
উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন, জেলা পর্যায়ের এ ধরনের উদ্যোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখবে এবং ভোলার শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে।
এদিকে, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ভোলা জেলার পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল, কামরুল হাসান, জামাল উদ্দিন বাহার, মোঃ মনির উদ্দিন, আবদুল হাই, আমজাদ চৌধুরী, মোঃ শাহে আলম, মোঃ মাহাফুজ ফরাজি, জোসেব মিয়া, মমিন উদ্দিন মিনহাজসহ বিভিন্ন উপজেলার প্রধান শিক্ষক সমিতির নেতবৃন্দ।
বাংলাদেশ সময়: ২০:৫৪:৪২ ১৬২ বার পঠিত