
এম শাহরিয়ার ঝিলন/ মোঃ বেল্লাল নাফিজ ॥
ভোলা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম বলেছেন, জামায়াত আমাদের প্রতিপক্ষ হয়েই থেমে নেই। জামায়াত-শিবির বহিরাগত নেতাকর্মী এনে বোরহানউদ্দিনে ইদানিং সন্ত্রাসী কর্মকান্ডে ব্যস্ত হয়ে পড়েছে। তারা ভোট কেন্দ্র দখলেরও পরিকল্পনা করছে। তারা মানুষকে বিভ্রান্ত করছে। এই ব্যাপারে বিএনপির সকল নেতাকর্মীদের সচেতন থাকতে হবে এবং তাদের প্রতি নজরদারি রাখতে হবে। ঐক্যবদ্ধ থেকে এই সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে হবে। বৃহ¯পতিবার (১৩ নভেম্বর) বিকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় হাফিজ ইব্রাহিম আরো বলেন, আমি জিয়া পরিবারের কাছে চীর ঋণী। জিয়া পরিবার আমাকে মনোনয়ন দিয়ে চির কৃতজ্ঞ করেছেন। পাশাপাশি ৫ আগস্টের মাধ্যমে আমরা যেই স্বাধীনতা পেয়েছি তা না হলে জিয়া পরিবার এবং আমার ভাই গিয়াস উদ্দিন আল মামুন হয়তো চিরদিনের জন্যই কারা ভোগ করতেন। কোনদিনই মুক্তি পেতেন না।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরের দুশাসনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে জিয়া পরিবার এবং আমাদের পরিবার। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে। দেশনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে আসতে দেয়নি। বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। আমার ভাই গিয়াস উদ্দিন আল মামুনকে ১৭ বছর কারাগারে আটকে রেখে নির্যাতন করেছে।

২০২৪ এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের কালো অধ্যায় থেকে মানুষ মুক্তি পেয়েছে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করছি। যারা অসুস্থ হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন।
তিনি আরও বলেন, আমি আশা করি জিয়া পরিবার আমার প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, আমরা ভোলার ৪টি আসনের সকল বিএনপি প্রার্থী বিজয়ী হয়ে এলাকার উন্নয়নের মাধ্যমে সেই কৃতজ্ঞতা প্রকাশ করবো। ভোলা-বরিশাল সেতু, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং ২০০১ সালের মত মানুষ ঘরের দরজা খুলে ঘুমানোর যেই নিরাপত্তা আমি দিয়েছি, পুনরায় সেই নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনবো।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সরোয়ার আলম খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র উপদেষ্টা আল এমরান খোকন, সদস্য সচিব আজম কাজী, সদস্য এডভোকেট ফরিদুর রহমান, পৌর বিএনপির সাধারণ স¤পাদক মনিরুজ্জামান কবির, বিএনপি নেতা কাজী ফিরোজ আলম, আলী আকবর পিন্টুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ৩৫জন নেতাকর্মী হাফিজ ইব্রাহিমের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেয়। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন হাফিজ ইব্রাহিম।
এরআগে দুপুর ২টার পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসে ঝড়ো হতে থাকে। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বোরহানউদ্দিন সরকারি স্কুল মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠে।
উল্লেখ্য, বুধবার (১২ নভেম্বর) হাফিজ ইব্রাহিম ভোলার দৌলতখান উপজেলা বিএনপি’র সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশ সময়: ২০:৪৪:১৯ ১৯৮ বার পঠিত