
স্টাফ রিপোর্টার ॥
ভোলা ও পাথরঘাটায় পৃথক দুটি বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড বেইস ভোলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে ভোলার সদরের ব্যাংকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা।
আটক ব্যক্তির নাম মোঃ জাহিদুল ইসলাম (২০), পিতা আব্দুল জব্বার। তিনি ভোলা সদর উপজেলার কুঞ্জপট্টি এলাকার বাসিন্দা।
অপরদিকে, কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) রাত ১১টায় বরগুনার পাথরঘাটার রায়হানপুর মিয়া বাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা। এছাড়া তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৬১০ টাকা পাওয়া যায়।
আটক দুই মাদক কারবারি হলেন, মোঃ নিলয় তালুকদার (২১)। নিলয় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার হোতখালী এলাকার বিরু তালুকদারের ছেল। অপরজন মোঃ সাকিব সিকদার (২৪)। সাকিব বরগুনা জেলার পাথরঘাটা এলাকা জাকির সিকদারের ছেলে।
আটক তিনজন মাদক কারবারি ও জব্দ করা ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মোঃ আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৪:৪৮:৫৫ ১৭৯ বার পঠিত