
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড বেইস ভোলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে নবিপুর টাউন স্কুল মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে তল্লাশি করে ২৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার ৩০০ টাকা।
আটক ব্যক্তির নাম সুজন (৩০), পিতা মো. বাবুল। তিনি ভোলা সদর উপজেলার ভদ্রপাড়া নাজমা ক্লিনিকের পাশে বসবাস করেন।
জব্দ করা গাঁজা ও আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম, বিএন বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ হুমকি। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
চলমান এই অভিযানের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৭:০৭:২১ ২৩৭ বার পঠিত