
চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশনে প্রয়োজন সমবায় সমিতিতে মব সৃষ্টি করে প্রতিষ্ঠানকে ধ্বংস করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছেন প্রয়োজন সমবায় সমিতির গ্রাহকবৃন্দ। বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় দক্ষিণ আইচায় প্রয়োজন সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রয়োজন সমবায় সমিতির মালিক নারী উদ্যোক্তা পিংকি আক্তার বলেন, গত শনিবার আমি যথারীতি দক্ষিণ আইচায় প্রয়োজন সমবায় সমিতির কার্যালয়ে আসি, এসেই আমি গ্রাহকদের কয়েকজনকে তাদের এফডিআর এর মুনাফার টাকা নিতে আসতে বলি। এর কয়েক মিনিট পর কয়েকজন মিডিয়া কর্মী আমার কার্যালয়ে আসে, এরমধ্যে দেখি কয়েকজন অপরিচিত লোক নিজেদেরকে প্রয়োজন সমবায় সমিতির গ্রাহক দাবি করে মিডিয়ায় আমাকে ও আমার প্রতিষ্ঠানকে জড়িয়ে মিথ্যা বক্তব্য দেয়। আমি তাদের কাছে সমিতিতে টাকা জমা রাখার প্রমাণ দাবি করলে, তারা কোন প্রমাণ দেখাতে পারিনি। এরই মধ্যে আরো শ’ খানেক অচেনা লোক সমিতির সামনে এসে হট্রগোল তৈরি করে আমার প্রয়োজন শো-রুমে লুটপাট চালায় ও লুটপাটের প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে হার্ডডিস্ক নিয়ে যায়। আমি অফিস ও শোরুম বিক্রি করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছি মর্মে একটি মহল চারদিকে ভুয়া খবর ছড়িয়ে গ্রাহকদের সমিতির কার্যালয়ে জড়ো করে। অনেক গ্রাহক মব সৃষ্টিকারীদের হীন কর্মকান্ডের প্রতিবাদ করার চেষ্টা করলে তারা সমিতির অনেক গ্রাহকদের মারধর করে। পরে থানা পুলিশের মধ্যস্থতায় গ্রাহকদের সাথে আমার আপোষ হয়। সংবাদ সম্মেলনে উদ্যোক্তা পিংকিং বলেন, একটি গ্রুপ ঘটনার ৪-৫ দিন আগে আমার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরা চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে আমার প্রয়োজন গ্রুপকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি আমার বিরোধী মহলকে বলবো, আপনারা আমার মতো নারী উদ্যোক্তার পিছনে না লেগে, নিজেরা প্রতিষ্ঠান তৈরি করুন, আমার মতো কর্মসংস্থান তৈরী করুন।
কারা চাঁদা দাবি করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উদ্যোক্তা পিংকি বলেন, আমি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তাদের নাম বললে আমার বড় ধরনের ক্ষতি করতে চাইবে এরা। তাই এদের নাম বলছি না। এ বিষয়ে থানায় জিডি করবো। আমার প্রত্যাশা সরকার আমার মতো নারী উদ্যোক্তাদের নিরাপত্তায় কঠিন পদক্ষেপ নিবে।
সংবাদ সম্মেলনে প্রয়োজন সমবায় সমিতির গ্রাহক শাহানাজ বলেন, আমি এই সমিতিতে টাকা জমা রেখেছি। ঘটনার দিন সমিতিতে হট্টগোল হচ্ছে এমন খবর পেয়ে এসে দেখি কিছু অচেনা লোক পিংকি আপাকে ঘিরে রেখে ঝামেলা করছে। আমি ওনার খোজ নিতে এগিয়ে গেলে মব সৃষ্টিকারীরা আমার উপর হামলা করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে আমাকে কিল ঘুষি মারে। আমি চাই ওনার মতো একজন নারী উদ্যোক্তাকে টিকিয়ে রাখতে সরকার যেন সার্বিক সহায়তা করে।
গ্রাহক মরিয়ম বলেন, আমি প্রায় দুই বছর আগে এই সমিতিতে বড় অংকের টাকা জমা রাখি। নিয়ম অনুসারে ভালো মুনাফা পাই। এর মধ্যে প্রয়োজন হাউজিং থেকে জমি কিনেছি। সমিতির মালিক পিংকি আক্তারের কথা ও কাজে অমিল পাইনি।
গ্রাহক রাসেল বলেন, আমাদের সমিতি নিয়ে গুটিকয়েক লোক যারা ষড়যন্ত্র করছে তারা সমিতির কেউ নয়, সমিতির গ্রাহকদের স্বার্থে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসার আহবান জানাই। সংবাদ সম্মেলনে প্রয়োজন সমবায় সমিতির শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৫১:০৬ ৬০৮ বার পঠিত