

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর জখম তিনজনকে বরিশাল ও ঢাকায় রেফার করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া ইউনিয়ন দুটি হলো আলীনগর ও চরসামাইয়া।
আলীনগর ইউনিয়নের আহতরা হলেন, মো. ছালেম, ইউসুফ, মহিন হাওলাদার, নুর ইসলাম, মাসুম, সজিব ও আল আমিন। এর মধ্যে ছালেম ও ইউসুফকে বরিশালে পাঠানো হয়েছে। অন্যদিকে চরসামাইয়া ইউনিয়নের আহতরা হলেন- ফেরদৌস, জুলু তালুকদার, হিরন হাওলাদার, সুমন ও বাবুল। তাদের মধ্যে জুলু তালুকদারকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চরসামাইয়ার ট্রান্সপোর্ট ব্যবসায়ী ফেরদৌস ও স্থানীয় স’মিল মালিক মো. আব্বাসের মধ্যে ব্যবসায়িক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফেরদৌস আব্বাসকে ফোনে ডেকে নেন। এসময় ফেরদৌসের ম্যানেজার পিন্টু ও আব্বাসের ম্যানেজার মহিন হাওলাদারের মধ্যে বাগবিত-া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর দুই ইউনিয়নের শতাধিক লোকজন দা, রড ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আলীনগর ইউনিয়নের রাসেল অভিযোগ করে বলেন, ফেরদৌস ক্ষিপ্ত হয়ে আব্বাসকে হুমকি দেয় এবং পরে তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে ফেরদৌসপক্ষের পিন্টুর দাবি, আব্বাস বকেয়া টাকা চাওয়ায় তাদের ওপরই আলীনগরের লোকজন অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ০:৫০:২৩ ৩৩৪ বার পঠিত