
ইব্রাহিম আকতার আকাশ ॥
ব্রুনাইতে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে মারা যাওয়া ভোলার ছেলে জামাল হোসেনের (৩৫) লাশ মৃত্যুর ১৩দিন পর কফিন বন্ধী হয়ে নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। এখন লাশের কফিন ঘিরে স্বজনদের চলছে আহাজারি।
সোমবার (৪ আগষ্ট) দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চরজাহাঙ্গালিয়া গ্রামে মরদেহ পৌঁছানোর পর দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্যের। কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। জানাজা নামাজ শেষে নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, গেল ২২ জুলাই দুপুরে ব্রুনাইয়ের চীনারুপাই শহরের একটি নির্মাণ প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে মারা যান জামাল। পরে সেখানে ময়নাতদন্ত শেষে লাশটি একটি হিমাগারে রাখা হয়। এরপর যাবতীয় কাগজপত্র প্রস্তুত করে রোববার একটি বেসরকারি ফ্লাইটে রাত ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়। পরে স্বজনরা তার কফিন বন্ধী লাশ নিয়ে ভোলার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে আজ দুপুরে গ্রামের বাড়িতে এসে পৌঁছান।
নিহত জামাল ওই গ্রামের হাদিস মিয়ার ছেলে। তিন ভাই আর দুই বোনের মধ্যে জামাল ছিলেন সবার ছোট। আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা-মা ভাই-বোনসহ স্বজনরা।
স্বজনরা জানান, ‘কথা ছিল ৩ আগষ্ট ছুঁটিতে প্রবাস থেকে বাংলাদেশে ফিরে ৪ আগষ্ট নিজ বাড়ি ভোলাতে আসবেন তিনি। এবার বাড়ি এসে বিয়ে করবেন বলেও জানিয়েছিলেন স্বজনদের। কিন্তু, দেশে ফেরার দিনে জামাল ঠিকই আসল। তবে জীবিত নয়, কফিন বন্ধী লাশ হয়ে।’
এদিকে, জামালের লাশ গ্রামের বাড়ি ভোলায় পৌঁছানোর পর তাকে এক নজর দেখতে ভিড় জমিয়েছেন স্বজনসহ এলাকাবাসী। ছেলের কফিন ঘিরে বাবা-মা ও ভাই-বোনদের আহাজারি যেন থামছেই না।
বাংলাদেশ সময়: ১৪:০২:৫৩ ১১১ বার পঠিত