
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের জমি দখল করে বসতঘর নির্মানের কাজ শুরু করেন স্থানীয় মোঃ খোকন তালুকদার। ইউপি পরিষদ প্রশাসক (চেয়ারম্যান), মেম্বার, সচিব, তসিলদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কাগজপত্র নিয়ে বসলে ওই জমি পরিষদের প্রমানিত হয়। পরে খোকন তালুকদারকে ঘর নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। বুধবার (১৪ মে) দুই পক্ষ কাগজপত্র নিয়ে বসে এই সিদ্ধান্ত নেন।
জানা গেছে, সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মালেরহাট বাজার সংলগ্ন ৩৯ শতাংশ জমি ইউনিয়ন পরিষদের মালিকানাধীন। ওই জমি নিজের দাবী করে মোঃ খোকন তালুকদার সেখানে ফাউন্ডেশন নিয়ে বিল্ডিং ঘর নির্মান কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে ইউপি পরিষদ প্রশাসক (চেয়ারম্যান), মেম্বার, সচিব, তসিলদার ঘটনাস্থলে গিয়ে খোকন তালুকদারকে ঘর নির্মাণে বাঁধা দেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে কাগজপত্র যাচাই বাছাই করে উক্ত জমি ইউনিয়ন পরিষদের প্রমানিত হয়। এসময় ওই জমিতে কোন প্রকার ঘর নির্মান কিংবা অন্য কোন কাজ না করতে খোকন তালুকদারকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন ইউপি প্রশাসক।
ইউপি সচিব মোঃ হারুন বলেন, খোকন তালুকদার ইউনিয়ন পরিষদের জমি তার দাবী করে সেখানে বিল্ডিং ঘর নির্মান শুরু করে। আমরা খবর পেয়ে কাগজপত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে লোকজনের উপস্থিতিতে খোকনকে কাগজপত্র দেখালে ওই জমি পরিষদের প্রমানিত হয়। আমরা জমি মেপে সেখানে সীমানা দিয়ে রেখেছি এবং খোকন তালুকদারকে ওই জমিতে কোন প্রকার নির্মান কাজ করতে নিষেধ করেছি।
পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ প্রশাসক (চেয়ারম্যান) মোঃ মাহে আলম বলেন, আমরা শুনতে পেয়েছি খোকন তালুকদার নামের ব্যক্তি ইউনিয়ন পরিষদের জমিতে ফাউন্ডেশন নিয়ে বিল্ডিং ঘর নির্মান কাজ শুরু করেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি মেম্বার, সচিব, তসিলদাসহ কাগজপত্র নিয়ে বসি। তসিলদার কাগজপত্র দেখে উক্ত জমি ইউনিয়ন পরিষদের প্রমানিত হয়। পরে আমরা জমি মেপে সীমানা নির্ধারন করে দেই এবং খোকন তালুকদারকে ঘর নির্মাণ কাজে নিষেধ করি। যদি সে নির্দেশ অমান্য করে ঘর নির্মানের কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত মোঃ খোকন তালুকদার এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২২:০৬:০৯ ২৭০ বার পঠিত